তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় বিজয়

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় বিজয়

আন্তর্জাতিক

তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেত্রি কাজাগমকে (টিভিকে) ঘিরে। নির্বাচনে বড় দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনো নিশ্চিত করতে পারেননি তিনি।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, বিজয়ের দল কংগ্রেস, সিপিআই ও সিপিএমের সমর্থন মিলিয়ে মোট ১১৬ জন বিধায়কের সমর্থন পেয়েছে। তবে তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন, অর্থাৎ এখনো দুই আসনের ঘাটতি রয়েছে।
শেষ মুহূর্তে টিটিভি দিনাকরণের দল এএমএমকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) সমর্থন না দেওয়ার ঘোষণা দেওয়ায় সমীকরণ আরও জটিল হয়ে পড়ে। ফলে এখন সবার নজর বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে)-এর দিকে।

ভিসিকে যদি তাদের দুই বিধায়কের সমর্থন দেয়, তাহলে বিজয়ের পক্ষে সরকার গঠন সম্ভব হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে একাধিক বৈঠক করলেও বিজয় এখনো সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেননি। সূত্র অনুযায়ী, রাজ্যপাল প্রত্যেক সমর্থনকারী বিধায়কের স্বাক্ষরিত চিঠি চেয়েছেন।

টিভিকে সাম্প্রতিক নির্বাচনে ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে, যা তামিলনাড়ুর দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকে আধিপত্যে বড় পরিবর্তন এনেছে।

বর্তমানে কংগ্রেসের শর্তসাপেক্ষ সমর্থন ও বাম দলগুলোর নিঃশর্ত সমর্থন থাকলেও মন্ত্রিসভা ও চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এখন ভিসিকে’র সিদ্ধান্তই নির্ধারণ করবে বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজ্যের নতুন সরকার গঠন হবে কি না।