২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। বিশ্বকাপ সামনে রেখে দেশটির স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ স্বাভাবিক সময়ের চেয়ে ৪০ দিন আগেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেক্সিকোর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত। যা দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বেশ ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো যাতে শিশু ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মনতেরেতে অনুষ্ঠিত হবে একাধিক ম্যাচ। আয়োজক দেশ হওয়ায় আগেই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে মেক্সিকো।
এদিকে ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামকে টুর্নামেন্টের অন্যতম প্রধান ভেন্যু হিসেবে রাখা হয়েছে। বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস।
