ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে বরণে প্রস্তুত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আজ শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)
থেকে প্রথম মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।
এর আগে শুক্রবার (৮ মে) বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহনচরণ মাঝি।
আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতাদের। এছাড়া দেশটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
শপথ অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুরো মাঠকে ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য।
অনুষ্ঠানের মূল মঞ্চে থাকছে বিশাল দুর্গামূর্তি। পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল। দর্শনার্থীদের জন্য মাঠজুড়ে তৈরি করা হয়েছে খাবারের স্টল, যেখানে থাকবে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশসহ জনপ্রিয় বাঙালি খাবার।
