কলকাতায় জীবন দিয়ে বন্ধুত্বের প্রমাণ দিলেন ২ বাংলাদেশি

কলকাতায় জীবন দিয়ে বন্ধুত্বের প্রমাণ দিলেন ২ বাংলাদেশি

জাতীয়

গাজীপুরের কালীগঞ্জের বিল্লাল মাঝি বন্ধুর চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। সেখানে ফেরার পথে বুকে ব্যথা উঠে মারা যান তিনি। বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে পরদিন মারা যান তার বন্ধু হাবিবুর রহমানও। মৃত্যুর সাত দিন পর দুজনের মরদেহ দেশে এনে একসঙ্গে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুই পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফনের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, বিল্লাল মাঝি (৫০) কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের করম আলী মাঝির ছেলে। তার বন্ধু হাবিবুর রহমান (৫৭) কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের আসাম উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুরের চিকিৎসায় সহযোগিতা করতে প্রায় ২৯ দিন আগে কলকাতায় যান বিল্লাল। কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা শেষে ৯ আগস্ট তারা দেশে ফেরার পথে রওনা হন। পথে বিল্লাল অসুস্থ হয়ে পড়লে হাবিবুর তাকে এম আর ভাঙ্গুর ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

পরদিন ১০ আগস্ট বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে হাবিবুরও মারা যান বলে পরিবারের দাবি। ১৬ আগস্ট তাদের মরদেহ বাংলাদেশে আসে। পরদিন ১৭ আগস্ট একসঙ্গে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

দুই বন্ধুর এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দেশে আনা এবং দাফনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে।