কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক

কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক

রাজনীতি

কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি তার জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।

শনিবার (১৬ মে) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও অভিনেত্রী কারিনা কায়সার ভারতের ভেলোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল ও আকস্মিক মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি গভীর শোক প্রকাশ করছে।

এনসিপি জানায়, জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে কারিনা কায়সারের সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে দৃঢ় অবস্থান ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আন্দোলনের শুরু থেকেই তিনি প্রকাশ্যে সমর্থন জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনে ভূমিকা রাখেন।

শোকবার্তায় আরও বলা হয়, ন্যায়, অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে তার সোচ্চার অবস্থান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আন্দোলনের সময় তিনি ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে একটি শক্তিশালী নৈতিক কণ্ঠস্বর হিসেবে পরিচিতি পান।

এনসিপি আরও উল্লেখ করে, কারিনা কায়সার শুধু একজন সংস্কৃতিকর্মী ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন।