৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

জাতীয়

দেশের সাত জেলার ওপর দিয়ে শনিবার সন্ধ্যার মধ্যে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।