সুন্দরবনে বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর ষষ্ঠ ধাপে করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই দস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই অভিযানে জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে বাগেরহাটের মোংলা কোস্টগার্ড বেইজে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন।
তিনি জানান, সুন্দরবনে অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই দস্যুকে আটক করা হয়।
অভিযানে আটক দস্যুদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ সময় দস্যুদের জিম্মিতে থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের দ্রুত তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সুন্দরবনে জলদস্যু দমনে কোস্টগার্ডের বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
