চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পরে সোমবার (১৮ মে) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালীন বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে উত্তরপত্র দেখানোর অনুরোধ করেন একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী। তারা উত্তরপত্র দেখাতে অস্বীকৃতি জানালে উত্তেজনা সৃষ্টি হয়।
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট কলেজের সামনে ওই দুই শিক্ষার্থীকে ১০-১২ জন পরীক্ষার্থী আক্রমণ করে। এ সময় তাদের ছুরিকাঘাতে জখম করা হয়। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত এক পরীক্ষার্থীর বাবা থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে করেরহাট বাজার এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, রাতভর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
