ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় এনে স্পোর্টস কার্ড প্রদান করা হচ্ছে।
বুধবার (২০ মে) সকালে সফিপুর এলাকায় অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, স্পোর্টস কার্ড সুবিধার আওতায় ইতোমধ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপির ১৫ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের ১০টি ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা নিশ্চিতে ৩৭৯ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় বাহিনীটি ২০০৪ সালে স্বাধীনতা পদকে ভূষিত হয়।
বাহিনীর সাংগঠনিক উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আনসার ব্যাটালিয়ন বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬, অঙ্গীভূত আনসার বিধিমালা ২০২৬ এবং সদস্য নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিধিমালার খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে কার্যক্রম আরও শক্তিশালী করতে উপজেলা আনসার বিধিমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আনসার সদর দপ্তরে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হয়েছে।
