বিশ্বকাপ ২০২৬ মাতাতে প্রস্তুত যেসব তারকা

বিশ্বকাপ ২০২৬ মাতাতে প্রস্তুত যেসব তারকা

খেলাধুলা

আর মাত্র কয়েক সপ্তাহ পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এবারের আসর ঘিরে ফুটবলভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। দল ও ম্যাচ সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আলোচনায় উঠে আসছেন বিশ্ব ফুটবলের বড় বড় তারকারা।

বিশ্বকাপের মঞ্চে এবার নজর থাকবে এমন কয়েকজন ফুটবলারের দিকে, যারা নিজেদের দেশকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন।

প্রথমেই আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ সালে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা ঘোচান এই কিংবদন্তি ফুটবলার। যদিও ২০২৬ বিশ্বকাপে তার খেলা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও তাকে ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। ৩৯ বছর বয়সেও ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি।

পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ৪১ বছর বয়সেও গোল করার ক্ষমতা ও নেতৃত্বে তিনি এখনো পর্তুগালের অন্যতম বড় ভরসা।

ব্রাজিলের নেইমার দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরছেন বিশ্বকাপে। দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকার জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফিট থাকলে একাই ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে তার।

ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে থাকছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২২ আসরে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। ফাইনালে হ্যাটট্রিক করে আলোড়ন তোলা এই তারকা এবারও ফ্রান্সের বড় আশা।

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও রয়েছেন আলোচনায়। জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেইনের লক্ষ্য এবার ইংল্যান্ডকে ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ জেতানো।

ব্রাজিলের আরেক বড় ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। তার গতি, ড্রিবলিং ও আক্রমণভাগে সৃজনশীলতা ব্রাজিলকে এগিয়ে নিতে পারে অনেক দূর। রাফিনিয়া ও ম্যাথিউস কুনহাদের সঙ্গে তার সমন্বয় নিয়ে আশাবাদী সমর্থকরা।

অন্যদিকে স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামালও থাকছেন নজরে। অল্প বয়সেই বড় মঞ্চে নিজেকে প্রমাণ করা এই ফুটবলার বিশ্বকাপে স্পেনের অন্যতম বড় অস্ত্র হতে পারেন।