দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। ঈদুল আজহার আগে ভোক্তাদের জন্য স্বস্তির খবর হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় দেশের বাজারে স্বর্ণের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি অলংকারের ডিজাইন ও মানভেদে আলাদা মজুরিও প্রযোজ্য থাকবে।
এর আগে গত ২১ মে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো।
