পবিত্র ঈদুল আজহার আগে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৩ মে) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়।
একই সঙ্গে ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।
এর আগে গত ২১ মে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে ঈদের আগে আবারও দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।
