কোরবানির হাটে নগদের বদলে কার্ডে লেনদেনের আহ্বান র‌্যাব ডিজির

কোরবানির হাটে নগদের বদলে কার্ডে লেনদেনের আহ্বান র‌্যাব ডিজির

জাতীয়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে বড় অঙ্কের নগদ অর্থ বহন না করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে লেনদেনের আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।

রোববার (২৪ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোরবানির পশু কেনাবেচায় ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টাকা ছিনতাই প্রতিরোধে র‌্যাব কার্যকর ব্যবস্থা নিয়েছে।

র‌্যাব ডিজি জানান, ঈদ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলক কম থাকায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রির টাকা ছিনতাইয়ের ঝুঁকি থাকে। এ কারণে নিরাপত্তা চৌকি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাবের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি, কোরবানির পশুবাহী যানবাহনকে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হচ্ছে কি না, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে মো. আহসান হাবীব পলাশ বলেন, জাল নোট শনাক্ত ও জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে র‌্যাব মহাপরিচালক গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং ঈদযাত্রী ও বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলেন।