ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যেসব কাজ জরুরি

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যেসব কাজ জরুরি

জাতীয়

পবিত্র ঈদুল আজহা ঘিরে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। নাড়ির টানে অনেকেই রাজধানীসহ বিভিন্ন শহর ছেড়ে গ্রামের পথে রওনা হচ্ছেন। তবে তাড়াহুড়ো করে বাসা ছাড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল না করলে ছুটির আনন্দ মাটি হতে পারে। সামান্য অসাবধানতায় ঘটতে পারে চুরি, অগ্নিকাণ্ড বা বাসার নানা ক্ষয়ক্ষতি। তাই নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে বের হওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি।

দরজা-জানালা ভালোভাবে বন্ধ করুন শুধু মূল দরজায় তালা দিলেই দায়িত্ব শেষ নয়। ঘরের সব জানালা, বারান্দার দরজা, গ্রিল ও থাই গ্লাস সঠিকভাবে বন্ধ আছে কি না তা ভালোভাবে পরীক্ষা করুন। এতে চুরি কিংবা বৃষ্টির পানি ঢোকার ঝুঁকি কমবে।

বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ রাখুন বাসা ছাড়ার আগে অপ্রয়োজনীয় সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে দিন। টেলিভিশন, চার্জার, মাইক্রোওয়েভ, রাইস কুকারসহ বিভিন্ন ডিভাইসের প্লাগ খুলে রাখুন। রান্নাঘরের গ্যাসের চুলা ও সিলিন্ডারের রেগুলেটর সম্পূর্ণ বন্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামান্য ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

পানির ট্যাপ পরীক্ষা করুন বাড়ি থেকে বের হওয়ার আগে রান্নাঘর, বাথরুমসহ সব পানির ট্যাপ ঠিকভাবে বন্ধ আছে কি না নিশ্চিত হোন। সম্ভব হলে বাসার মেইন পানির লাইন বন্ধ করে যান। এতে পানির অপচয় ও পাইপ লিকেজের ঝুঁকি কমবে।

ফ্রিজ পরিষ্কার করে নিন ঈদুল আজহায় কোরবানির মাংস সংরক্ষণের জন্য ফ্রিজে খালি জায়গা রাখা প্রয়োজন। দীর্ঘদিন ধরে রাখা নষ্ট হওয়ার আশঙ্কা আছে এমন খাবার আগেই সরিয়ে ফেলুন। বেশি দিনের জন্য বাইরে গেলে ফ্রিজ পরিষ্কার করে প্রয়োজন অনুযায়ী বন্ধ রাখতে পারেন।

মূল্যবান জিনিস নিরাপদে রাখুন নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় কাগজপত্র ও গুরুত্বপূর্ণ নথি নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। আলমারিতে তালা দিয়ে রাখুন অথবা বিশ্বস্ত কারও কাছে দায়িত্ব দিয়ে যেতে পারেন।

প্রতিবেশী বা নিরাপত্তাকর্মীকে জানান কতদিনের জন্য বাসার বাইরে থাকবেন, তা ভবনের নিরাপত্তাকর্মী বা বিশ্বস্ত প্রতিবেশীকে জানিয়ে রাখুন। এতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।

সঠিক প্রস্তুতি নিয়ে বাসা ছাড়লে ঈদের ছুটি কাটিয়ে ফিরে পাবেন নিরাপদ ও স্বস্তির ঘর।