থানার ভেতরে নারীকে ধর্ষ'ণের অভিযোগ, ঝাড়খণ্ডে ১৫ পুলিশ সদস্য বরখাস্ত

থানার ভেতরে নারীকে ধর্ষ’ণের অভিযোগ, ঝাড়খণ্ডে ১৫ পুলিশ সদস্য বরখাস্ত

আন্তর্জাতিক

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি থানার ভেতরে নারীকে ধর্ষণের অভিযোগে থানার ১৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্তসহ তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর রাতে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের ঘটনায় পুলিশের সহায়তা নিতে সরাইকেলা-খরসাওয়ান জেলার গমহারিয়া থানায় যান ওই নারী। সেখানে পুলিশ সদস্যরা তাকে একটি কক্ষে অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে থানার ওয়্যারলেস অপারেটর নীরজ লাকরার বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে।

ঘটনার দুই দিন পর, ৩১ অক্টোবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তিন পুলিশ সদস্য গ্রেপ্তার প্রথমে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ওয়্যারলেস অপারেটর নীরজ লাকরাকে গ্রেপ্তার করা হয়। পরে বিশেষ তদন্ত দলের (এসআইটি) তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক মনোজ কুমার সাহু ও কনস্টেবল সন্তোষ কুমার রাইকেও গ্রেপ্তার করা হয়।

আদালতের মাধ্যমে তিনজনকেই বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। থানার ১৫ সদস্য সাময়িক বরখাস্ত
ঘটনার পর দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের যথাসময়ে অবহিত না করার অভিযোগে গমহারিয়া থানার ১৫ পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তদের মধ্যে রয়েছেন দুই উপপরিদর্শক (এসআই), চার সহকারী উপপরিদর্শক (এএসআই), দুই হাবিলদার, একজন কনস্টেবল এবং অন্যান্য পদমর্যাদার ছয় পুলিশ সদস্য।

এদিকে ঘটনাটি তদন্তে সরাইকেলা মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অনুভব ভরদ্বাজের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। দলটি ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে কারও অপরাধে জড়িত থাকা বা দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।