গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব খাঁ একই উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং বারেক খাঁর ছেলে।
গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. মোমেনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইয়ুব খাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় ভ্যানে থাকা আরও দুই যাত্রী আহত হন।
আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
