রাজধানী ঢাকাসহ দেশের সাতটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
