ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ঘরে ঘরে স্বাস্থ্য স্ক্রিনিং কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। প্রাথমিকভাবে ৬ থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এই কার্যক্রম শুরু করা হবে।

বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে ঘরে ঘরে স্বাস্থ্য স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে। পাশাপাশি জনগণের স্বাস্থ্য পরীক্ষা সহজ করতে বিশেষ মেডিকেল কিট বক্স সরবরাহের পরিকল্পনাও রয়েছে। এসব কিটে রক্ত, প্রস্রাব ও ডায়াবেটিস পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।

গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে দেশের প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণপূর্ত বিভাগ ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শুরু করেছে।

এছাড়া খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগ এবং কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতালে আধুনিক আইসিইউ সুবিধা থাকবে। আগামী ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করে হাসপাতালগুলো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। একই সঙ্গে ঢাকা মিটফোর্ড হাসপাতালের পুরোনো ভবন ভেঙে আধুনিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।