ভারতের রাজধানী দিল্লির মালব্য নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
খবর পেয়ে ঘটনাস্থলে একের পর এক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট অংশ নেয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। ২৫ কক্ষবিশিষ্ট হোটেলটির অধিকাংশ অতিথিই ছিলেন বিদেশি নাগরিক, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুনের তীব্রতা থেকে বাঁচতে কয়েকজন ভবনের ওপরের তলা থেকে নিচে লাফিয়ে পড়ছেন। পরে উদ্ধারকর্মীরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।
তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।
