যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় একদিনে ৩০টিরও বেশি হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এসব হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আল মানসুরি এলাকার একাধিক শহরে একযোগে গোলাবর্ষণ করা হয়। পাশাপাশি পূর্ব নাবতিয়েহ, ইহমোর, আরনুনসহ বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালানো হয়, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
হামলার পর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সিডন ও রাজধানী বৈরুতের দিকে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশের কারণে নতুন করে বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয়েছে।
এরই মধ্যে শনিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। তবে যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
