বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল ফুটবল দল। নিউ জার্সির দ্য রিজ হোটেলে অবস্থান নেওয়ার পর বাংলাদেশ সময় ভোর ৩টায় প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির নেতৃত্বে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া ব্রাজিল দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বেশ উঁচু।
যদিও দলটিকে টুর্নামেন্টের একক ফেবারিট হিসেবে দেখা হচ্ছে না, তবুও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিল শিবির।
যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি বলেন, বিশ্বকাপে বেশ কয়েকটি দলই শিরোপার দাবিদার। তবে ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ব্রাজিল এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেওয়ার কারণে দেরিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। তাদের যোগদানের মধ্য দিয়ে এখন আনচেলত্তির হাতে পূর্ণ ২৬ সদস্যের স্কোয়াড রয়েছে।
বিশ্বকাপের আগে নিউইয়র্ক রেড বুলসের ব্যবহৃত কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে অনুশীলন করবে ব্রাজিল। এছাড়া টুর্নামেন্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি।
আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-তে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
