তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট পেশ শুরু করেন। এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট। বাজেট ঘোষণার আগে এটি মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।
বাজেট নথি অনুযায়ী, বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
সংবিধান অনুযায়ী, সংসদে বাজেট উপস্থাপনের আগে এটি মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে সম্মতি দেন। অনুমোদন প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন বাজেট কার্যকর হবে।
বিশ্লেষকদের মতে, এবারের বাজেট আকারে বড় হলেও এর বাস্তবায়ন ও ঘাটতি ব্যবস্থাপনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
