দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রমে অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির কারণে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শিশু মৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, এ সংকট মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং প্রথম ১০০ দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক ও দক্ষতা-ভিত্তিক চিকিৎসা শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে। এতে ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে।
নার্সিং ও মিডওয়াইফারি খাতেও বড় ধরনের উন্নয়নের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে। পাশাপাশি দেশব্যাপী মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশই নারী।
চলতি বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
