ভাল কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়ার পর আটক ১৪ জন বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত আসা এসব ব্যক্তিকে বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে হস্তান্তর করা হয়।
শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে তাদের বেনাপোল চেকপোস্টে পাঠানো হয়। ফেরত আসাদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন, যাদের বাড়ি সুনামগঞ্জ, যশোর এবং কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, ভারতে পাচারের শিকার হওয়া বাংলাদেশিদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে তাদের আইনি সহায়তা দিতে “জাস্টিস অ্যান্ড কেয়ার” নামের একটি বেসরকারি সংস্থা দায়িত্ব নেয়।
সংস্থাটির বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম জানান, ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে তারা সীমান্ত পথে ভারতে গিয়েছিল। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়।
তিনি আরও জানান, আদালতে সোপর্দ করার পর ভারতীয় মানবাধিকার সংস্থার সহায়তায় তাদের শেল্টার হোমে রাখা হয়। পরে দুই দেশের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পায় তারা।
ফেরত আসা ব্যক্তিদের পুনর্বাসন ও আইনি সহায়তা প্রদানে সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থা কাজ করছে বলে জানানো হয়েছে।
