বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের কোটি দর্শকের মতোই উচ্ছ্বাসে মেতে ওঠেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা বরাবরই আলোচনায় থাকে।
বিশ্বকাপ এলেই প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে তার আবেগ আরও স্পষ্ট হয়ে ওঠে। সম্প্রতি প্রিয় দল, প্রিয় ফুটবলার এবং বিশ্বকাপের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক তিনি।
নিজের পছন্দের ফুটবলার সম্পর্কে অপু বিশ্বাস বলেন, “আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার ভালো লাগে। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।”
নিজে ব্রাজিল সমর্থক হলেও তার ছেলে আব্রাম খান জয় আর্জেন্টিনার ভক্ত বলে জানান এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে তিনি বলেন, “আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। তবে আমার ছেলে জয় আর্জেন্টিনা করে, সে মেসির ভক্ত।”
তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবল তার কাছে শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং একটি উৎসবের মতো। রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, বিশ্বকাপ চলাকালীন সময় ঈদের মতোই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেক সময় রান্নাবান্না শেষ করে রাত গভীর হলেও তারা খেলা দেখেন।
বিশ্বকাপকে কেন্দ্র করে পরিবারে ভিন্ন ভিন্ন দলের সমর্থন থাকলেও ফুটবল উপভোগের আনন্দে কোনো কমতি থাকে না বলে জানান তিনি।
