ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির সমালোচনায় ইসরায়েলি বিরোধী নেতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির সমালোচনায় ইসরায়েলি বিরোধী নেতা

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিক ইয়াইর গোলান। তার দাবি, এই চুক্তির ফলে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অর্জন ও কৌশলগত সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির বামপন্থি রাজনৈতিক নেতা ইয়াইর গোলান বলেন, একটি চুক্তির মাধ্যমে ইসরায়েলি সেনা ও পাইলটদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সামরিক সাফল্য কার্যত নষ্ট হয়ে গেছে।

তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, সংকটময় সময়ে সরকার কার্যকর নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। তার মতে, নেতানিয়াহুর নেতৃত্বের শেষ পর্যায়ে ইসরায়েলের প্রতিপক্ষরা আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

ইয়াইর গোলান চুক্তিটিকে ‘বহু বছরের ব্যর্থতার চূড়ান্ত পরিণতি’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েলের প্রতিরোধ সক্ষমতা আগের তুলনায় দুর্বল হয়ে পড়ছে।

বিরোধী এই নেতার বক্তব্য দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও চুক্তি বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।