এবার রোবট চরিত্রে জেনা ওর্তেগা

এবার রোবট চরিত্রে জেনা ওর্তেগা

বিনোদন

‘থর: র‍্যাগনারক’ ও ‘জোজো র‍্যাবিট’-এর মতো ব্লকবাস্টার ও কমেডি ঘরানার সিনেমার জন্য বিশ্বজুড়ে পরিচিত পরিচালক তাইকা ওয়াইটিটি এবার নিজের চেনা ঘরানা থেকে বেরিয়ে ভিন্নধর্মী একটি চলচ্চিত্র নিয়ে আসছেন।

কাজুও ইশিগুরোর ২০২১ সালের আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার নাম ‘ক্লারা অ্যান্ড দ্য সান’। সম্প্রতি বিনোদন সাময়িকী ‘ভ্যানিটি ফেয়ার’ সিনেমাটির প্রথম ঝলক (ফার্স্ট লুক) প্রকাশ করেছে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘ক্লারা’, যা একটি সৌরশক্তিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট বা ‘কৃত্রিম বন্ধু’। এই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জেনা ওর্তেগা।

গল্পে দেখা যাবে, এক মা তার অসুস্থ মেয়ের একাকীত্ব দূর করতে ও সঙ্গী হিসেবে এই রোবটটিকে কিনে আনেন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা, মানবিক অনুভূতি, ভালোবাসা, একাকীত্ব এবং বিশ্বাসের জটিল সম্পর্ককে ঘিরে এগিয়ে যায় কাহিনি।

পরিচালক তাইকা ওয়াইটিটি জানিয়েছেন, শুরুতে তিনি ভেবেছিলেন এটি হবে তার ক্যারিয়ারের সবচেয়ে সহজ ও কমেডি-ভিত্তিক সিনেমা। কিন্তু চিত্রনাট্য লিখতে গিয়ে তিনি বুঝতে পারেন, এতে রসিকতা যোগ করলে মূল গল্পের গভীরতা নষ্ট হবে।

তিনি বলেন, শুরুতে ভাবছিলাম এটাকে একটা সাধারণ ‘তাইকা ফিল্ম’ বানাই আর রোবট নিয়ে মজার কিছু রসিকতা যোগ করি। কিন্তু পরে বুঝলাম, এতে বইটির মূল আবেদন নষ্ট হবে। তাই আমি নিজের কমেডি স্টাইল থেকে বেরিয়ে এটিকে একটি সিরিয়াস ড্রামা হিসেবে তৈরি করেছি। এটি সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে নাটকীয় সিনেমা।

সিনেমাটির ভবিষ্যৎ জগৎকে দেখানো হয়েছে কিছুটা ভিন্নভাবে, যেখানে ঝলমলে সায়েন্স ফিকশনের বদলে রয়েছে পুরনো ধাঁচের ও রঙিন এক পৃথিবী। সেখানে ইন্টারনেটের প্রভাব কমে গেছে এবং সমাজ ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছে। এআই কীভাবে মানুষের আবেগ ও সম্পর্ককে প্রভাবিত করছে, সেটিই মূল ফোকাস।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ক্লারা অ্যান্ড দ্য সান’। মুক্তির আগে এটি বিখ্যাত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।