১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শিশুদের অনলাইন ঝুঁকি, ক্ষতিকর কনটেন্ট এবং ডিজিটাল আসক্তি থেকে সুরক্ষা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির মন্ত্রিসভা। খবরটি প্রকাশ করেছে গালফ নিউজ।
নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের নিচে কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স ও স্ন্যাপচ্যাটসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। তারা পোস্ট করা, মন্তব্য করা কিংবা অনলাইন আলোচনায় অংশ নেওয়ার সুযোগও পাবে না। এমনকি অভিভাবকের অনুমতিও এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।
তবে ১৫ থেকে ১৬ বছর বয়সীদের জন্য সীমিত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে কঠোর বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ফিচার নিষ্ক্রিয়করণ এবং বাধ্যতামূলক প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা কার্যকর থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নির্ভরযোগ্য বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। এর মধ্যে ডিজিটাল আইডি, পরিচয়পত্র যাচাই, বায়োমেট্রিক প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স নির্ধারণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। ব্যবহারকারীর স্বঘোষিত বয়স আর গ্রহণযোগ্য হবে না।
এছাড়া শিশুদের অনলাইন আচরণ বা আগ্রহ অনুসরণ করে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানোও নিষিদ্ধ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়ম বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত নির্দেশনা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। পুরো সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ ১২ মাসের মধ্যে নতুন ব্যবস্থা চালু করতে হবে।
সরকারের মতে, এই উদ্যোগ শিশুদের জন্য নিরাপদ ও বয়সোপযোগী ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা শিক্ষা, সচেতনতামূলক কার্যক্রম এবং অনলাইন নিরাপদ ব্যবহারের প্রশিক্ষণ চালু করা হবে।
