বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল, ব্রাজিলের ইতিহাসে ভিনিসিউসের অনন্য কীর্তি

বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল, ব্রাজিলের ইতিহাসে ভিনিসিউসের অনন্য কীর্তি

খেলাধুলা

স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়র। এই ম্যাচে দুটি গোল করার মাধ্যমে গ্রুপ পর্বের তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে।

বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে রায়ানের পাস থেকে প্রথম গোল করেন ভিনিসিউস।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোলের দেখা পান এই ফরোয়ার্ড। ব্রুনো গিমারেইসের নিখুঁত ক্রস থেকে হেডে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলেরও দ্বিতীয় গোলটি করেন তিনি।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে একটি এবং দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে একটি গোল করেছিলেন ভিনিসিউস। ফলে টানা তিনটি ম্যাচেই গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের পঞ্চম ফুটবলার হিসেবে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার রেকর্ড গড়েছেন ভিনিসিউস। এর আগে ১৯৭০ বিশ্বকাপে জর্জিনহো, ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও এবং ২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদো এই কীর্তি গড়েছিলেন।

আরও একটি দারুণ কাকতালীয় তথ্য হলো, ভিনিসিউসের আগে যেসব ব্রাজিলিয়ান ফুটবলার গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন, সেই প্রতিটি আসরেই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ফলে সেলেসাও সমর্থকদের মধ্যে নতুন করে শিরোপা স্বপ্ন জাগিয়ে তুলেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।