ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। জরুরি উদ্ধারকাজ ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও।
প্রতিবেদন অনুযায়ী, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে।
অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।”
এর আগে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন।
এ ছাড়া আহত হয়েছেন আরও ৩ হাজার ২৩৮ জন এবং বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজার ১৪২টি পরিবার।
এদিকে দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন নেইমার। সম্প্রতি স্কটল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি।
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আগের তুলনায় অনেক বেশি সময় মাঠে খেলার জন্য প্রস্তুত।
আজ সোমবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে আরও দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।
