ব্রাজিল ম্যাচ টাইব্রেকারে গড়ালে পেনাল্টির ক্রম ঠিক করবেন কোচ মোরিয়াসু

ব্রাজিল ম্যাচ টাইব্রেকারে গড়ালে পেনাল্টির ক্রম ঠিক করবেন কোচ মোরিয়াসু

খেলাধুলা

জাপানের বিশ্বকাপ মিশনে এবার আর ২০২২ কাতার বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না কোচ হাজিমে মোরিয়াসু। ব্রাজিলের বিপক্ষে নকআউট ম্যাচ টাইব্রেকারে গড়ালে পেনাল্টি নেওয়ার ক্রম এবার খেলোয়াড়দের ওপর না ছেড়ে নিজেই নির্ধারণ করবেন বলে জানিয়েছেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিন খেলোয়াড় পেনাল্টি মিস করায় বিদায় নিতে হয়েছিল জাপানকে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও পরিকল্পিতভাবে প্রস্তুতি নিচ্ছে দলটি।

চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে জাপান। গত চার বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানোর সাফল্য দলটির আত্মবিশ্বাসও বাড়িয়েছে।

গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। তবে এবার বিশ্বকাপের নকআউট লড়াইয়ে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন মোরিয়াসু।

তিনি জানান, গ্রুপ পর্বে চোট পাওয়া তারকা উইঙ্গার তাকেফুসা কুবো ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না।

মোরিয়াসু বলেন, “কুবো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করছে না। সে আলাদাভাবে অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে সে খেলবে না। আমরা চাই, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

বিশ্বকাপের আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোজুড়ে দীর্ঘ ভ্রমণ খেলোয়াড়দের জন্য বাড়তি ক্লান্তির কারণ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ব্রাজিলের তুলনায় এক দিন কম বিশ্রাম পাওয়াকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জাপান কোচ।

তবে এসব প্রতিকূলতার মাঝেও আত্মবিশ্বাসী মোরিয়াসু বলেন, “আমরা বিশ্বাস করি, আমরা জিততে পারি এবং এই বিশ্বকাপেও আমাদের সুযোগ রয়েছে। অনেকেই জাপানকে ‘ডার্ক হর্স’ বলছেন, আর আমরা সেই মানসিকতা নিয়েই মাঠে নামব।”