২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় এল ত্রি।
প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়। ২২তম মিনিটে হুলিয়ান কিনিওনেস গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। এরপর ৩২তম মিনিটে রাউল হিমেনেস ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে মেক্সিকোর রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। গোলরক্ষক রাউল রাঙ্গেল টানা চতুর্থ ম্যাচে ক্লিন শিট ধরে রাখেন। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আপত্তিকর আচরণের কারণে ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়ে সরাসরি লাল কার্ড দেখেন।
এই জয়ে টুর্নামেন্টে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে মেক্সিকো। শেষ ষোলোতে আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গোর মুখোমুখি হবে দলটি।
