জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি রোধে ‘ফ্যামিলি ট্রি’ বা পারিবারিক তথ্যভিত্তিক নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থা চালু হলে নতুন ভোটার হওয়ার আবেদনকারীদের পিতা-মাতার পাশাপাশি ভাই-বোনদের এনআইডি তথ্যও জমা দিতে হবে।
ইসি কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থার মাধ্যমে বিদেশি নাগরিক ও রোহিঙ্গাদের ভুয়া এনআইডি সংগ্রহের সুযোগ কমবে। একই সঙ্গে পিতা-মাতার পরিচয় পরিবর্তন বা ভুয়া তথ্য দিয়ে এনআইডি সংশোধনের মতো জালিয়াতিও সহজে শনাক্ত করা যাবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘ফ্যামিলি ট্রি’ চালু হলে পরিবারের সদস্যদের তথ্য একসঙ্গে সংরক্ষণ করা সম্ভব হবে। এতে এনআইডি সংশোধনের আবেদন কমবে, পরিচয় যাচাই সহজ হবে এবং ভবিষ্যতে ওয়ারিশ সনদ দেওয়ার কাজও নির্বাচন কমিশন করতে পারবে।
তিনি জানান, পরিকল্পনাটি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
