ভারতের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী স্লিপার বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজস্থানের দৌসা জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম জানায়, উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রেইলারকে ধাক্কা দিলে দুই যানবাহনেই আগুন ধরে যায়।
দুর্ঘটনায় পাঁচজন আগুনে পুড়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাতে মারা যান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের অধিকাংশই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।
