হরমুজ প্রণালির ওপর ইরানের কর্তৃত্ব বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ ইরানের ‘সবচেয়ে বড় শক্তির হাতিয়ার’।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রসঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ জানান, সমঝোতার আওতায় হরমুজ প্রণালিতে সামুদ্রিক সেবার ফি থেকে মাত্র ৬০ দিনের জন্য অস্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর অর্থ ইরান ওই জলপথের ওপর নিজের অধিকার ছেড়ে দিচ্ছে—এমন নয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের আঞ্চলিক জলসীমার অংশ এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ দেওয়া হবে না। তিনি আরও বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান এ অবস্থান থেকে সরে আসবে না।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হয়। এ কারণে এই নৌপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে ঘিরে দীর্ঘদিন ধরেই ইরান, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
