পোল্যান্ডে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

পোল্যান্ডে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

আন্তর্জাতিক

লিথুয়ানিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে পোল্যান্ডে প্রবেশের চেষ্টার সময় ৯ বাংলাদেশিসহ ৫৪ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পোলিশ পুলিশ এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে ৩০ জন পাকিস্তানি, ১৫ জন আফগান এবং ৯ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তারা লিথুয়ানিয়া সীমান্ত হয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছিলেন।

পুলিশ জানিয়েছে, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আটক অভিবাসীদের লিথুয়ানিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

অভিযান চলাকালে তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেছে পোলিশ পুলিশ। সেসব ছবিতে আটক ব্যক্তিদের একটি ধাতব কনটেইনারের ভেতরে বসে থাকতে দেখা যায়।

ইউরোপজুড়ে অভিবাসন নীতি কঠোর হওয়া এবং পুনর্বাসন কর্মসূচি সীমিত হওয়ার পরও এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশের প্রবণতা অব্যাহত রয়েছে।

বিশেষ করে আফগানিস্তানে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক মানুষ ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন। এ ধরনের যাত্রায় মানবপাচার, সহিংসতা, আটক এবং প্রাণহানির মতো গুরুতর ঝুঁকির মুখে পড়ছেন অনেকেই।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০২০ সালের পর থেকে প্রায় ৮০ লাখ আফগান দেশ ছেড়েছেন। তাদের মধ্যে প্রায় ১০ লাখ বিভিন্ন ইউরোপীয় দেশে পৌঁছেছেন, যাদের অধিকাংশই অনিয়মিত অভিবাসন পথ ব্যবহার করেছেন।

আইওএমের হিসাব অনুযায়ী, ২০১৪ সাল থেকে অভিবাসনের পথে অন্তত ৫ হাজার ৪৬ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে।