মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।
পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে সম্ভাব্য একটি চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হওয়ায় তিনি হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।
ট্রাম্পের দাবি, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো, খুব দ্রুত চুক্তিটি সম্পন্ন করতে হবে।”
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, এ সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েলও একমত হয়েছে। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দ্রুত চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান।
তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরান কিংবা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ট্রাম্প প্রশাসন চলতি সপ্তাহেই ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছিল। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকেও ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন।
