নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সরকার। ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব পাঠ্যপুস্তক প্রস্তুত রাখতে হবে। যাতে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পায়, সে লক্ষ্যেই সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, বই ছাপানোর ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। আগস্টের শুরুতেই ছাপাখানাগুলোকে কার্যাদেশ দেওয়া হবে, যাতে দ্রুত বই মুদ্রণের কাজ শুরু করা যায়।
এহছানুল হক মিলন আরও বলেন, জাতীয় শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। বিভিন্ন শ্রেণিতে নতুন করে চারটি বই অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে এখনও কার্যক্রম শুরু হয়নি, তবে আগামী বছর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।
