সীমান্ত সুরক্ষায় ডিমলায় বিজিবির নতুন বিওপির উদ্বোধন

সীমান্ত সুরক্ষায় ডিমলায় বিজিবির নতুন বিওপির উদ্বোধন

দেশ জুড়ে রংপুর

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নীলফামারীর ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর তীরে ৫১ বিজিবির অধীনে নির্মিত ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, কালিগঞ্জ ও থানাহাট বিওপির মধ্যবর্তী প্রায় ৯ কিলোমিটার সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি নিশ্চিত করতে নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, নতুন বিওপি চালুর মাধ্যমে সীমান্ত সুরক্ষা জোরদারের পাশাপাশি চোরাচালান, মানবপাচার, মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারিও আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।