সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়নের পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। দেশের প্রয়োজন অনুযায়ী কতজন চিকিৎসক, নার্স ও কারিগরি কর্মী প্রয়োজন এবং কী ধরনের অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম দরকার—এসব বিষয়ে সমন্বিত পরিকল্পনার ঘাটতি রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে একটি কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে হবে।
স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে পদোন্নতি ও পদায়নে অতীতের তদবিরের সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের উপযুক্ত পদে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
চিকিৎসকদের গবেষণায় আরও সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান রাষ্ট্রপতি। তার মতে, স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়নে চিকিৎসা গবেষণা ও পরিকল্পিত জনবল ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।
এ সময় দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রগুলোর যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব প্রতিষ্ঠানকে কার্যকর নিয়ন্ত্রণের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
