২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আবারও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি গাজায় চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তুলে আবেগঘন বক্তব্য দেন।
সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রায় চার মিনিট ধরে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলেন হোসাম হাসান। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।
হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান—যেই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘কোনো প্রাণীর ওপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়। অথচ হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।’
গাজায় চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তুলে মিশর কোচ বলেন, ‘আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই—ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত।’
এর আগে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারানোর পর ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে উদযাপন করেছিলেন হোসাম হাসান। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ছিল সম্পূর্ণ মানবিক একটি প্রতিক্রিয়া।’
এদিকে মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে আফ্রিকার দেশটি।
তবে শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে ভীত নন মিশরের কোচ। তিনি বলেন, ‘আমরা জানি, বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।’
হোসাম হাসান আরও বলেন, ‘আমাদের স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও সীমা নেই। আমরা কোনো আন্ডারডগ নই। আমরা সাত হাজার বছরেরও বেশি পুরোনো একটি সভ্যতার প্রতিনিধিত্ব করছি। মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার মানুষের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’
