বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদার করতে ‘বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এ প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে দুই দেশের গণমাধ্যম, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের গণমাধ্যম ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থা এবং চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে সরকারের আগ্রহের কথাও জানান তথ্যমন্ত্রী।
মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি বলেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় দেশের সরকারের পাশাপাশি জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।
তিনি দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পাশাপাশি ‘বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন। এর মাধ্যমে তথ্য বিনিময়, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
