দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া বক্তব্যের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হতে পারে।
রিট আবেদনে বলা হয়েছে, কোনো মামলার অনুসন্ধান বা তদন্ত চলাকালে গণমাধ্যমের সামনে এ ধরনের বক্তব্য দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির মান-সম্মান ক্ষুণ্ণ হতে পারে। আবেদনে এটিকে সংবিধান ও দুদকের তথ্য প্রকাশ-সংক্রান্ত নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়েছে।
রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, দুদকের বিতর্কিত ব্রিফিং বাতিলের পাশাপাশি এ বিষয়ে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে কোনো তদন্ত চলাকালে গণমাধ্যমে এমন বক্তব্যের মাধ্যমে বিচার শুরুর আগেই জনমনে কোনো ব্যক্তিকে দোষী হিসেবে উপস্থাপনের প্রবণতা বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে ২ ও ১৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল দুদক।
রিটের বিষয়ে হাইকোর্টের শুনানির পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
