আনসার ক্যাডার ছাড়ছেন ৩ কর্মকর্তা, যোগ দিচ্ছেন প্রশাসন ও পুলিশ ক্যাডারে

আনসার ক্যাডার ছাড়ছেন ৩ কর্মকর্তা, যোগ দিচ্ছেন প্রশাসন ও পুলিশ ক্যাডারে

জাতীয়

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) আনসার ক্যাডারের তিন কর্মকর্তা বর্তমান পদ থেকে অব্যাহতি নিয়ে প্রশাসন ও পুলিশ ক্যাডারে যোগ দিচ্ছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ভূতাপেক্ষ (Retrospective) অব্যাহতির অনুমোদন দিয়েছে।

বুধবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, তিন কর্মকর্তার অব্যাহতি গত ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর বলে গণ্য করা হয়েছে।

অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে পটুয়াখালীর ৭ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাজ্জাদ কাদের মুন এবং বান্দরবানের ১৬ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মনোনীত হয়েছেন।

এছাড়া সিলেটের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট ফাতেমা তুজ জোহরা ৪৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে মনোনীত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ আবেদনের ভিত্তিতে বর্তমান চাকরি থেকে ভূতাপেক্ষ অব্যাহতি দেওয়া হয়েছে, যাতে তারা নতুন ক্যাডারে যোগদান করতে পারেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন ক্যাডারে যোগদান এবং চাকরির প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আগের একটি নির্দিষ্ট তারিখ থেকে অব্যাহতি কার্যকর করা হয়েছে।

ভূতাপেক্ষ অব্যাহতির ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির রেকর্ড, নতুন পদে বেতন নির্ধারণ, জ্যেষ্ঠতা এবং পূর্ববর্তী চাকরির সময়কাল গণনাসহ অন্যান্য প্রশাসনিক বিষয় বিদ্যমান বিধি অনুযায়ী সমন্বয় করা হবে।