বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা

বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা

শিক্ষা

বাংলাদেশে বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন প্রাণ হারাচ্ছেন। একই সঙ্গে কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যাওয়ায় বছরে প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকা (প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার) অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশ।

বুধবার (১৫ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণার এ তথ্য তুলে ধরেন বিভাগের চেয়ারম্যান ও গবেষণা দলের প্রধান ড. মো. সাখাওয়াত হোসেন।

গবেষণায় বলা হয়েছে, সূক্ষ্ম বস্তুকণা পিএম২.৫ (PM2.5) দূষণই অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ। গবেষণাটি দেশের ছয়টি প্রধান শহর—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালের বায়ুদূষণের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে পরিচালিত হয়েছে।

গবেষণার তথ্য অনুযায়ী, বায়ুদূষণজনিত মৃত্যুর মধ্যে বছরে ৩৭ হাজার ৫৯১ জন হৃদ্‌রোগে, ৮ হাজার ৩৪৪ জন দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে এবং ৮১১ জন ফুসফুসের ক্যান্সারে মারা যান।

শহরভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে বেশি অকালমৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। সেখানে প্রতি বছর প্রায় ৫৬ হাজার ৭৩৩ জনের মৃত্যু পিএম২.৫ দূষণের সঙ্গে সম্পর্কিত। এরপর রয়েছে চট্টগ্রাম (১১,২০২ জন), রাজশাহী (২,৮২৭ জন), খুলনা (২,৬২৫ জন), সিলেট (১,৪৮৪ জন) এবং বরিশাল (১,৩৬৯ জন)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত Pollution জার্নালে প্রকাশিত হয়েছে। এতে আরও দেখা গেছে, ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ছয়টি শহরেই বায়ুদূষণজনিত অকালমৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। ঢাকায় প্রতি বছর গড়ে প্রায় ৩ হাজার ৮৪৮ জন অতিরিক্ত মানুষের অকালমৃত্যু ঘটছে, যা সবচেয়ে উদ্বেগজনক।

ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, “বায়ুদূষণকে আমরা অনেক সময় শুধু পরিবেশগত সমস্যা হিসেবে দেখি। অথচ এটি জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় সংকট। বছরে প্রায় ৮৮ হাজার মানুষের অকালমৃত্যু এবং জিডিপির প্রায় ৫ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি নীতিনির্ধারকদের জন্য বড় সতর্কবার্তা।”

গবেষকদের মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বায়ুমান নির্দেশিকা কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশে বায়ুদূষণজনিত অকালমৃত্যু ও অর্থনৈতিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এজন্য পিএম২.৫ নিঃসরণ নিয়ন্ত্রণ, সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।