কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ‘অপারেশন লাইটনিং’-এর দশম ধাপের অংশ হিসেবে কয়েক ঘণ্টা আগে এসব হামলা পরিচালনা করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা, রাডার, সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)ও কুয়েতে হামলার দাবি করে। তাদের ভাষ্য অনুযায়ী, আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর সি-র্যাম (C-RAM) আগাম সতর্কীকরণ রাডার এবং সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র, কুয়েত বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ইরানের দাবিগুলো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
