প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ইয়ামিন হক ববি।
বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
ববির পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার।
এর আগে গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স রাজধানীর গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন— বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন কর্মকর্তা সোহেল রানা।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১২ নভেম্বর আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রতিষ্ঠানের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ জানান। পরে ২০ নভেম্বর গুলশানে বিটিএলের কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি সরবরাহ করা হয়, যার মোট মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
অভিযোগ অনুযায়ী, ব্যাটারি সরবরাহের পর নির্ধারিত সময়েও মূল্য পরিশোধ করা হয়নি। পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাত দেখানো হয়।
বাদীর দাবি, চলতি বছরের ১১ জানুয়ারি পাওনা টাকা চাইতে বিটিএল অফিসে গেলে আসামিরা টাকা দিতে অস্বীকৃতি জানান এবং তাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। পরে ব্যাটারির মূল্য আত্মসাতের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়।
