বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন।
ইনজুরির কারণে সর্বশেষ অ্যাশেজ সিরিজে খেলতে না পারা এই তিন তারকা বাংলাদেশ সিরিজ দিয়েই লাল বলের ক্রিকেটে ফিরছেন।
পেস আক্রমণে কামিন্স ও হ্যাজেলউডের সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার।
অভিজ্ঞদের প্রত্যাবর্তনে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট। তবে ব্যাটিং লাইনআপে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে আবারও আস্থা রাখা হয়েছে জেক ওয়েদারাল্ডের ওপর।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
