বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় হৃদ্‌রোগে ২ জনের মৃত্যু

বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় হৃদ্‌রোগে ২ জনের মৃত্যু

খেলাধুলা

স্পেনের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল চলাকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিওয়াইসি স্পোর্টসের বরাতে রোববার (১৯ জুলাই) দেশটির জরুরি চিকিৎসা সহায়তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, নিহতদের একজনের বয়স ৬৭ বছর এবং অপরজনের বয়স ৮৮ বছর। ৬৭ বছর বয়সী ব্যক্তি নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসাকর্মীরা সিপিআর দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে ৮৮ বছর বয়সী ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থেকে মারা যান।

এছাড়া, ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি বুয়েনস আইরেসের আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, বিশ্বকাপ ফাইনালকে ঘিরে রাজধানীর ওবেলিস্ক এলাকায় উদযাপনের সময়ও কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার বাঁ পায়ে ভাঙন ও স্থানচ্যুতির কারণে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া উৎসব চলাকালে অতিরিক্ত মদ্যপান, ধাক্কাধাক্কি, কাটাছেঁড়া এবং মারামারির ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।