যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি ঐতিহাসিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি গড়ে তোলার ভিত্তি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, চুক্তিটি মার্কিন কোম্পানিগুলোর জন্য সৌদির পারমাণবিক জ্বালানি খাতে বিনিয়োগ ও অংশগ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করবে।

একই সঙ্গে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিও সই হয়েছে, যা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি হিসেবে কাজ করবে। সৌদি সরকার বলেছে, এটি দুই দেশের জ্বালানি সহযোগিতার সম্প্রসারণ এবং গত বছরের নভেম্বরে সৌদি যুবরাজের ওয়াশিংটন সফরের ধারাবাহিকতার অংশ।

মার্কিন গণমাধ্যমের দাবি, ভবিষ্যতে এই চুক্তির আওতায় সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে চুক্তির পূর্ণাঙ্গ পাঠ এখনো প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।